জীবনের পথে আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ সহপাঠী, কেউ সহকর্মী, আবার কেউ প্রতিবেশী। কিন্তু এত পরিচিত মানুষের মধ্যেও খুব অল্প কয়েকজনই আমাদের সত্যিকারের বন্ধু হয়ে ওঠেন। তাদের সঙ্গে আমরা সহজে মনের কথা বলতে পারি, সুখ-দুঃখ ভাগ করে নিতে পারি এবং প্রয়োজনে তাদের ওপর ভরসা করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, বন্ধু হিসেবে আমরা কাদের বেছে নেই, এটি কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণও রয়েছে?
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা বলছে, বন্ধুত্ব শুধু একই রকম শখ, পছন্দ বা একসঙ্গে সময় কাটানোর ফল নয়। মানুষের বন্ধু নির্বাচনের পেছনে আমাদের হাজার হাজার বছরের বিবর্তনেরও প্রভাব থাকতে পারে। অর্থাৎ, মানুষের মস্তিষ্ক এমন ব্যক্তিদের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হতে পারে, যাদের একজন নির্ভরযোগ্য ও সহযোগিতাপূর্ণ সঙ্গী বলে মনে হয়।
প্রাচীন যুগে মানুষ একা বেঁচে থাকতে পারত না। খাদ্য সংগ্রহ, শিকার, সন্তান লালন-পালন এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একে অপরের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা শক্তিশালী, বিশ্বস্ত, সহযোগিতাপূর্ণ এবং প্রয়োজনে পাশে দাঁড়াতে পারত, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রবণতা মানুষের মধ্যে ধীরে ধীরে তৈরি হয়েছে। গবেষকদের মতে, সেই প্রবণতার কিছু প্রভাব আজও আমাদের মধ্যে রয়ে গেছে।
গবেষণায় আরও দেখা গেছে, মানুষ সাধারণত এমন ব্যক্তিদের বন্ধু হিসেবে আমরা বেছে নেই, যারা আন্তরিক, সহানুভূতিশীল, আত্মবিশ্বাসী এবং অন্যদের সাহায্য করতে আগ্রহী। পাশাপাশি সামাজিকভাবে গ্রহণযোগ্য, দক্ষ এবং ইতিবাচক ব্যক্তিত্বের মানুষও সহজেই অন্যদের আস্থা অর্জন করতে পারেন। তবে এর অর্থ এই নয় যে, সুন্দর চেহারা বা উচ্চ সামাজিক মর্যাদাই একজন ভালো বন্ধুর পরিচয়। বরং এগুলো অনেকগুলোর মধ্যে মাত্র কয়েকটি বিষয়।

গবেষকদের মতে, বন্ধুত্বের ক্ষেত্রে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে মানুষ কথা রাখে, বিপদের সময় পাশে থাকে এবং বিনিময়ে কোনো স্বার্থ খোঁজে না, তার সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা বেশি। একই সঙ্গে পারস্পরিক সম্মান, একে অপরকে বোঝার চেষ্টা এবং সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতাও একটি সম্পর্ককে গভীর করে তোলে।
তবে বন্ধুত্বের বিষয়টি শুধু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, সংস্কৃতি, মূল্যবোধ এবং জীবনের নানা ঘটনা বন্ধুত্বকে প্রভাবিত করে। এক দেশের মানুষের কাছে যেসব বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, অন্য দেশের মানুষের কাছে সেগুলো ভিন্ন হতে পারে। তাই বন্ধুত্বের কোনো নির্দিষ্ট সূত্র নেই।
সবশেষে বলা যায়, বন্ধু হিসেবে আমরা কাদের বেছে নেই, এর উত্তর শুধু বর্তমান সময়ের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের বিবর্তন, পারস্পরিক সহযোগিতার ইতিহাস এবং নির্ভরযোগ্য মানুষের প্রতি স্বাভাবিক আকর্ষণও এর পেছনে কাজ করতে পারে। তবে একটি বিষয় সব সময়ই সত্য—সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে বিশ্বাস, আন্তরিকতা, সহানুভূতি এবং একে অপরের পাশে থাকার মানসিকতার ওপর। তাই একজন ভালো বন্ধু খোঁজার পাশাপাশি নিজেকেও একজন বিশ্বস্ত ও আন্তরিক বন্ধু হিসেবে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
