অনেকেই ঋণকে শুধু অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখেন। কিন্তু বাস্তবতা হলো, ঋণ এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ঋণ মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা সৃষ্টি করে; আবার মানসিক সমস্যার কারণে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায়, যা নতুন ঋণের জন্ম দেয়। এভাবেই তৈরি হয় এক বিপজ্জনক দুষ্টচক্র।
বিশেষজ্ঞদের মতে, ঋণকে শুধু অর্থের সমস্যা বা মানসিক স্বাস্থ্যকে শুধু মনস্তাত্ত্বিক সমস্যা হিসেবে দেখলে সমাধান অসম্পূর্ণ থেকে যায়। এই দুইয়ের সম্পর্ক বোঝা এবং একসঙ্গে মোকাবিলা করাই হলো মুক্তির প্রথম ধাপ। ঋণ কীভাবে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে? নিম্নে তার বিস্তারিত আলোচনা করা হলো-
দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও উদ্বেগ
ঋণের বোঝা মানুষকে সারাক্ষণ দুশ্চিন্তায় রাখে। বকেয়া বিল, ঋণের কিস্তি বা পাওনাদারের চাপ শরীরের স্ট্রেস-রেসপন্স সিস্টেমকে সক্রিয় রাখে। এর ফলে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, ঘুমের সমস্যা দেখা দেয়, রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয় এবং মনোযোগ কমে যায়।
বিষণ্নতার ঝুঁকি বৃদ্ধি
গবেষণায় দেখা গেছে, ঋণগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিষণ্নতার হার ঋণমুক্ত মানুষের তুলনায় কয়েকগুণ বেশি। আর্থিক অনিশ্চয়তা ভবিষ্যৎ সম্পর্কে হতাশা তৈরি করে, যা ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়।
প্রয়োজন নেই তবুও কেনাকাটা করি কেন
লজ্জা ও সামাজিক কলঙ্ক
অনেক মানুষ ঋণকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখেন। ফলে তারা পরিবার, বন্ধু বা সমাজের কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখেন। এই লজ্জাবোধ মানসিক চাপকে আরও বাড়িয়ে দেয় এবং সাহায্য নেওয়ার পথ বন্ধ করে দেয়।
চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া
যখন একজন মানুষ সারাক্ষণ ঋণের চিন্তায় ডুবে থাকেন, তখন তার মস্তিষ্কের একটি বড় অংশ সেই সমস্যা নিয়েই ব্যস্ত থাকে। ফলে কর্মক্ষেত্র, পারিবারিক জীবন এবং দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে।
আত্মহত্যার ঝুঁকি
বিভিন্ন গবেষণায় ব্যক্তিগত ঋণ, দেউলিয়াত্ব বা চরম আর্থিক সংকটের সঙ্গে আত্মহত্যার ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। অর্থনৈতিক মন্দার সময় এ ঝুঁকি আরও বেড়ে যায়।
মানসিক স্বাস্থ্য সমস্যা কীভাবে ঋণ বাড়ায়? নিম্নে তার বিস্তারিত আলোচনা করা হলো-
আবেগপ্রবণ খরচ
বিষণ্নতা, বাইপোলার ডিসঅর্ডার বা অন্যান্য মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় আবেগের বশে অতিরিক্ত খরচ করে ফেলেন। কেউ কেউ সাময়িক স্বস্তি পাওয়ার জন্য অপ্রয়োজনীয় কেনাকাটাও করেন।
কর্মক্ষমতা ও আয় কমে যাওয়া
মানসিক অসুস্থতা কাজের দক্ষতা কমিয়ে দিতে পারে। এর ফলে চাকরি হারানো, পদোন্নতি না হওয়া বা আয়ের অনিশ্চয়তা তৈরি হয়, যা ঋণের ঝুঁকি বাড়ায়।
চিকিৎসা ব্যয়ের চাপ
অনেক দেশে মানসিক স্বাস্থ্যসেবার খরচ বেশ বেশি। পর্যাপ্ত স্বাস্থ্যবিমা না থাকলে চিকিৎসার ব্যয়ও ঋণের কারণ হয়ে দাঁড়াতে পারে।
আর্থিক বিষয় এড়িয়ে চলা
উদ্বেগ ও বিষণ্নতায় আক্রান্ত অনেক মানুষ বিল খোলা, ব্যাংক হিসাব দেখা বা ঋণের অবস্থা পর্যালোচনা করাও এড়িয়ে চলেন। এতে সমস্যা আরও জটিল হয়ে ওঠে।
আসক্তির প্রভাব
মাদক বা অন্যান্য আসক্তি প্রায়ই মানসিক সমস্যার সঙ্গে সম্পর্কিত। এসব আসক্তি সরাসরি অর্থ ব্যয় বাড়ায় এবং আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করে।
মাত্র ১০ মিনিটের অভ্যাসেই কমতে পারে দুশ্চিন্তা, বাড়বে মানসিক সুস্থতা
লজ্জার দুষ্টচক্র
ঋণের সঙ্গে জড়িত লজ্জা অনেক সময় ঋণের চেয়েও বেশি ক্ষতিকর হয়ে ওঠে। লজ্জার কারণে মানুষ—
- পরিবার ও সঙ্গীর কাছ থেকে সমস্যা গোপন করে;
- আর্থিক পরামর্শ নেওয়া এড়িয়ে যায়;
- ব্যাংকিং বা ঋণসংক্রান্ত তথ্য দেখতে ভয় পায়;
- পরিস্থিতি আরও খারাপ হওয়ার পরও পদক্ষেপ নিতে দেরি করে।
ফলে ঋণ ও মানসিক চাপ উভয়ই বাড়তে থাকে।
ঋণ খেকে মুক্তির কার্যকর উপায় নিম্নে তার বিস্তারিত আলোচনা করা হলো-
১. আর্থিক ও মানসিক সহায়তা একসঙ্গে নিন
শুধু ঋণ পরিশোধের পরিকল্পনা বা শুধু মানসিক চিকিৎসা—কোনোটিই একা যথেষ্ট নাও হতে পারে। উভয় সমস্যার সমন্বিত সমাধান সবচেয়ে কার্যকর।
২. আর্থিক পরামর্শ গ্রহণ করুন
বিশ্বস্ত আর্থিক পরামর্শদাতা বা ঋণ ব্যবস্থাপনা সেবার সাহায্যে ঋণ পরিশোধের বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন।
৩. মানসিক স্বাস্থ্যসেবা নিন
বিষণ্নতা, উদ্বেগ বা ট্রমাজনিত সমস্যার চিকিৎসা নিলে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও উন্নত হয়।
৪. আইনগত সুযোগ সম্পর্কে জানুন
কিছু ক্ষেত্রে পুনর্গঠন, ঋণ পুনঃতফসিল বা আইনগত সুরক্ষা দীর্ঘমেয়াদে নতুন শুরুর সুযোগ দিতে পারে।
৫. সহায়ক কমিউনিটির সঙ্গে যুক্ত থাকুন
একই ধরনের সমস্যায় থাকা মানুষের সঙ্গে কথা বলা লজ্জা ও একাকীত্ব কমাতে সাহায্য করে।
৬. নিজেকে দোষারোপ করা বন্ধ করুন
গবেষণায় দেখা গেছে, আত্ম-সহানুভূতি বা Self-Compassion পরিবর্তন আনতে আত্মদোষারোপের চেয়ে বেশি কার্যকর। ভুল স্বীকার করুন, কিন্তু নিজেকে ব্যর্থ মানুষ হিসেবে দেখবেন না।
শরীরের কী দরকার, আগে বুঝে পাকস্থলী! ক্ষুধা নিয়ে নতুন গবেষণা
ঋণ ও মানসিক স্বাস্থ্য এমন একটি দুষ্টচক্রের অংশ, যা একই সঙ্গে আর্থিক, মানসিক এবং সামাজিক। ঋণ উদ্বেগ ও বিষণ্নতা বাড়ায়, আবার মানসিক সমস্যা ঋণ মোকাবিলা করার ক্ষমতা কমিয়ে দেয়। তবে সুসংবাদ হলো এই চক্র ভাঙা সম্ভব। সঠিক তথ্য, আর্থিক পরিকল্পনা, মানসিক স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তা মানুষকে ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে ফিরিয়ে আনতে পারে। মনে রাখবেন, ঋণের সমস্যায় আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতার নয়, বরং পরিবর্তনের প্রথম পদক্ষেপ।
